বিজ্ঞান জাদুঘরে গ্রীন এন্ড ক্লীন মুভমেন্ট
‘পরিচ্ছন্নতা ও সবুজায়ন অভিযান’ শুরু করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর। প্রতিষ্ঠান প্রঙ্গনকে স্বচ্ছ-পরিচ্ছন্ন এবং সবুজ শ্যামলীমায় সুশোভিত করার লক্ষ্যে ২৪ আগস্ট, মঙ্গলবার সংস্থার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে শুরু করা হয় বিশেষ অভিযান।
সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নেতৃত্বে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা আগাছা নিধন ও বর্জ্য অপসারণ, উঁচু-নিচু স্থান সমানকরণ এবং চতুর্দিকে সবুজের সমারোহ তৈরির কাজে নেমে পড়ে। প্রায় ২ ঘণ্টার এ অভিযানে সবাই আনন্দমুখর পরিবেশে জাদুঘর ক্যাম্পাসকে নান্দনিক রুপ দিতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করে।
এ প্রসঙ্গে সংস্থার মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “বিজ্ঞান জাদুঘরকে একটি অফুরন্ত সৌন্দর্যের নিকুঞ্জ হিসেবে গড়ে তোলা হচ্ছে। দপ্তরে আবদ্ধ পরিবেশে কাজ করার চেয়ে মাঠে ঘাম ঝরিয়ে কাজ করার আনন্দ অনেক বেশী। প্রতিদিন প্রত্যেক সরকারি কর্মকর্তা ও কর্মচারি যদি নিজ নিজ অফিস প্রাঙ্গণ পরিচ্ছন্ন এবং পরিবেশ সুরক্ষায় সময় দেন, তবে তা’ কেবল শারীরিক ও মানসিক উদ্দীপনা যোগাবে না, অলসতা ও জড়তা দূর করে অফুরন্ত কর্মপ্রেরণা সৃষ্টি করবে। শিল্পির তুলির মত বিজ্ঞান জাদুঘরকে এঁকে এঁকে আমরা সাজিয়ে তুলতে চাই, যাতে শিক্ষার্থীদের জন্য এটি বিজ্ঞান ও প্রাণ প্রকৃতির সমন্বয়ে অনন্য পরিবেশ তৈরি করে।”